ঢাকা, বুধবার, ১ জুলাই, ২০২৬

সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন‍্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ads

ধর্মের নামে সন্ত্রাসবাদকে বাংলাদেশ কখনোই সমর্থন করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ মোকাবিলায় বাংলাদেশ সবসময় দৃঢ় অবস্থানে রয়েছে। বুধবার (১ জুলাই) রাজধানীর গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষে ঢাকায় ইতালি দূতাবাস আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হোলি আর্টিজান হামলা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক ও কলঙ্কজনক অধ্যায়। এক দশক পেরিয়ে গেলেও সেই ঘটনার স্মৃতি এখনো দেশবাসীর মনে গভীরভাবে গেঁথে আছে। ভবিষ্যতে যেন এ ধরনের নৃশংস হামলার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, ওই হামলার পর জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে এবং সন্ত্রাস দমনে সরকারের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন তিনি।


স্মরণসভায় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রামাদান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।


এ ছাড়া হামলায় নিহতদের স্বজন এবং সেদিনের জীবিত উদ্ধার হওয়া জিম্মিরাও অনুষ্ঠানে অংশ নেন। তারা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।


উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয়, ৩ জন বাংলাদেশি (যার মধ্যে দুজন পুলিশ সদস্য) এবং একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। এই হামলা বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।

ads
ads
ads

Our Facebook Page